গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালে মেয়র সাদেক হোসেন খোকা মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালু আছে এবং চালু থাকবে। প্রয়োজন হলে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনার কথাও বলেন তিনি।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশে যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের মুখোমুখি করা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, গণহত্যা ও গুলিতে মানুষ হত্যার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হয়ে অনলাইনে বৈঠক করছেন এবং নেতা-কর্মীদের সংগঠিত করার চেষ্টা করছেন। তাদের কেউ কেউ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন বলে দাবি করছেন বলেও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তনের অনুরোধ জানানো হয়েছে। তবে ভারত এখনো এ বিষয়ে কোনো জবাব দেয়নি বলে তিনি দাবি করেন।
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি ও তাদের সহযোগীদের দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। তার বক্তব্য অনুযায়ী, দেশে ফিরে তারা আইনি প্রক্রিয়ায় আপিলসহ ন্যায়বিচারের সুযোগ পাবেন।
সমাবেশে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও লংমার্চের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সরকারের মেয়াদ সাত মাসের মতো হলেও এরই মধ্যে সরকার পতনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়া হচ্ছে। এত অল্প সময়ে সরকারের বিরুদ্ধে এমন কর্মসূচির প্রয়োজন কেন দেখা দিয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, বিএনপি দেশের স্থিতিশীলতা ও গণতন্ত্র সুসংহত করতে এবং সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে স্বৈরাচারী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে কাজ করছে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাব দেশের বাজারেও পড়েছে। জনগণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের দাম সীমিত পরিমাণে বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে বক্তব্য দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন