রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শুরু হওয়া এ অভিযানে কার্যালয়ে থাকা বেশ কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে।
ঘটনাস্থলে থাকা পুলিশের এসআই নাজমুল হোসেন জানান, কার্যালয়ের ভেতরে প্রায় ৪০০ জনের মতো ব্যক্তি ছিলেন। পুলিশ তাদের আটক করে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তিনতলায় জাসদ কার্যালয়ে তাদের দেখতে পায়। সেখানে তারা বৈঠক করছিলেন বলে জানান তিনি।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে ৩৫০ নেতাকর্মীকে নিয়ে প্রতিনিধি সভা চলাকালে হামলার ঘটনা ঘটে। তার দাবি, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের অবরুদ্ধ করে রাখে।
তবে বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে দাবি করা হয়, জাসদ কার্যালয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন। ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে এ ধরনের বক্তব্য দিতে দেখা যায়।
এ অভিযোগ অস্বীকার করে জাসদ নেতা সাজ্জাদ হোসেন বলেন, সেখানে জাসদের প্রতিনিধি সভা চলছিল এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে থাকার বিষয়টি ‘মিথ্যা’।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং ভেতরে একটি বৈঠক চলার খবরের পর পুলিশ সেখানে যায়। এ পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছে। পুরো বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে পুলিশ ও জাসদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন