মাঠপর্যায়ে নাগরিক সেবা আরও দ্রুত ও সহজ করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২১ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ২১টি মোটরসাইকেল বিতরণ করা হয়েছে। হায়ার পারচেজের ভিত্তিতে কেনা এসব মোটরসাইকেল ব্যবহারের মাধ্যমে মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেনেজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করবেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশান-২ নগরভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল দেওয়ার ফলে নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত হবে। বিশেষ করে যেসব সরু সড়ক বা এলাকায় বড় গাড়ি প্রবেশ করতে পারে না, সেখানে মোটরসাইকেল নিয়ে সহজেই পৌঁছানো সম্ভব হবে।
তিনি বলেন, মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ড্রেন ব্যবস্থাপনাসহ বিভিন্ন সেবা কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মীদের নিয়মিত এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয়। মোটরসাইকেল থাকায় তাদের চলাচল ও কাজের গতি বাড়বে।
ডিএনসিসি সূত্রে জানা যায়, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে হায়ার পারচেজের ভিত্তিতে মোট ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল কেনা হয়েছে। এর মধ্যে রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশল বিভাগের চারজন, সচিব দপ্তরের দুজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন এবং প্রশাসক দপ্তরের একজন মোটরসাইকেল পেয়েছেন।
বরাদ্দ পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা ১২০ কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করবেন। কিস্তি পরিশোধ সম্পন্ন হলে মোটরসাইকেলগুলো তাদের নিজ নামে নেওয়ার সুযোগ থাকবে।
ডিএনসিসি জানিয়েছে, মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত চলাচলের সুযোগ তৈরি হলে মশার প্রজননস্থল শনাক্ত ও নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে সময় সাশ্রয় হবে। বিশেষ করে সরু গলি ও যেসব এলাকায় চার চাকার যানবাহন প্রবেশে সমস্যা হয়, সেখানে এসব মোটরসাইকেল কাজে আসবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন