নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতাকর্মীকে নিজ অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাবরের ব্যক্তিগত উদ্যোগে এই ৪৭ নেতাকর্মী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন। তাদের বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন লুৎফুজ্জামান বাবর। তবে তিনি নিজে এই সফরের সঙ্গে যাননি।
বাবরের ব্যক্তিগত সহকারীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ওমরাহ পালনে যাওয়া ৪৭ জনের মধ্যে মোহনগঞ্জের ১৮ জন, মদনের ১৭ জন এবং খালিয়াজুরীর ১১ জন রয়েছেন। এ দলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি জমিয়তে উলামায়ে ইসলামের একজন নেতাও রয়েছেন।
মোহনগঞ্জের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও উপজেলা ছাত্রদলের সভাপতি জামিউল ইসলাম রাকিব।
মদন থেকে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এবং ছাত্রদলের সভাপতি শামীম হাসান। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও এই দলে রয়েছেন।
খালিয়াজুরী থেকে ওমরাহ পালনে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছুটন, সদস্যসচিব রাজিব হোসেন পলাশ, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত হৃদয়।
লুৎফুজ্জামান বাবর জানিয়েছেন, এলাকার নেতাকর্মীদের ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের প্রতি উদ্বুদ্ধ করতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে আরও নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতারা এ উদ্যোগের জন্য বাবরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন