অস্ত্র আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বনানী থানায় করা এ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের নিয়মিত বিচারক ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ শুনানি পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেন।
এদিন আনিসুল হককে কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত লাইসেন্সের আওতায় থাকা অস্ত্র ও গোলাবারুদ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আনিসুল হক তার লাইসেন্সকৃত পিস্তল থানায় জমা দেননি এবং এ বিষয়ে পুলিশকেও অবহিত করেননি। তার লাইসেন্সে উল্লেখিত ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে অস্ত্রটি জমা দেওয়ার বিষয়ে কোনো তথ্য না পাওয়ায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।
মামলায় আরও বলা হয়, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক ছিলেন। তদন্ত শেষে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলাটি ২০২৫ সালের ২৪ মে বনানী থানার এসআই মো. জানে আলম দুলাল দায়ের করেন। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর অভিযোগ গঠন শুনানির পর্যায়ে রয়েছে মামলাটি।
এর আগে ২৩ আগস্ট অভিযোগ গঠন শুনানির কথা থাকলেও আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিল। এবার নিয়মিত বিচারক অনুপস্থিত থাকায় আবারও শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর করা হলো।
আনিসুল হক ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। বিভিন্ন মামলায় তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন