কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হলেও চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযানটি চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি পুরোনো রুপালি রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি সড়কের পাশে রেখে দৌড়ে পালিয়ে যান।
পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজা ও প্রাইভেটকার পুলিশের হেফাজতে রয়েছে। পাশাপাশি পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন