পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মো. রাসেল হাওলাদার (২৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম হারুন অর রশিদ।
সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক জানান, রাসেল নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কুয়াকাটার সি স্টার হোটেলের ৩৯ নম্বর কক্ষ বুক করেন। সেখানে তিনি তাঁর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি বিকাশের দোকানে ৩০ হাজার টাকা রিচার্জ করেন বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ৪৪তম বিসিএসের গেজেটে ২৩২ নম্বরে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে মো. রাসেল হাওলাদার করা হয়। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্রও জাল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।
পরে বিষয়টি যাচাই-বাছাই করে প্রতারণার অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় রাসেল হাওলাদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন