ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটারদের স্থানান্তর সংক্রান্ত আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কার্যালয়ে আগের নিয়মে গ্রহণ, যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য গত ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নতুন নির্দেশনা অনুযায়ী, মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ করতে হবে। এরপর আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তা ইস্যু ও নিষ্পত্তি করতে হবে।
এর আগে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার স্থানান্তর কার্যক্রম সীমিত করেছিল নির্বাচন কমিশন। তবে নির্বাচন পিছিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ভোটার স্থানান্তর কার্যক্রম আবারও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন