রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের লাশ উদ্ধারের ঘটনায় তার মামা ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে এসআরবি-২। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, এসআরবি মিরপুর এলাকা থেকে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে ডিবির কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মো. সালাউদ্দিন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ওবায়দুর রহমানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ।
পরে মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ছাড়াও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন। মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তারের পর ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন