দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে নতুন করে এক হাজার ৮৬৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে দেশে মোট ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ৬২ হাজার ১১৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৫৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের সেপ্টেম্বরেই ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। মাসের প্রথম ২৩ দিনে মারা গেছেন ১০৪ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় চলতি সেপ্টেম্বরেই ডেঙ্গুর পরিস্থিতি বছরের অন্যান্য মাসের তুলনায় বেশি উদ্বেগজনক হয়ে উঠেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন