বিএনপিকে মানুষ বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। দলটি ভালো কথাও বলে, তবে তাদের শাসনামলে মানুষ ভালো থাকে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় মিডিয়া উপকমিটিগুলোর শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের বিষয়ে দলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গ তুলে চরমোনাই পীর বলেন, সরকার কোনো ধরনের পূর্বাভাস না দিয়েই রাতে প্রেসনোটের মাধ্যমে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে। এর প্রভাব জনজীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে। এতে গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা থাকলেও জনগণের স্বার্থ বিবেচনায় সরকারকে তেলের দামে ভর্তুকি দেওয়া উচিত।
গ্যাস সংকটের কারণে মিল-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ বেকার হচ্ছে বলেও দাবি করেন ইসলামী আন্দোলনের আমির। তাঁর ভাষ্য, সামগ্রিকভাবে দেশের সাধারণ মানুষ ভালো নেই।
গণমানুষের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের দুর্ভোগ কমানো না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নামতে বাধ্য হবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট। অপরাধ সংঘটিত হওয়ার আগে অপরাধীদের নিবৃত্ত করা যাচ্ছে না। আবার অপরাধের পর আটক ব্যক্তিদের কেউ কেউ অর্থের বিনিময়ে জামিনে বের হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
এর ফলে দেশে খুন, শিশু নির্যাতন ও শিশু হত্যার ঘটনা বেড়েছে দাবি করে সরকারকে এ বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের আমির।
দলের মহাসচিব গাজী আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৫টি কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্যদের শপথ পড়ানো হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন