সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে বিরোধী দলের জনবান্ধব নোটিশ ও বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যের যথাযথ মূল্যায়ন না হওয়ায় রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ ছিল। কিন্তু সরকার সেই পথে না যাওয়ায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, সরকার তেলের দাম বাড়িয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা করছে। তবে বাংলাদেশের অর্থনীতি প্রতিবেশী দেশগুলোর মতো বড় নয়।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় না নিয়ে শুধু আশপাশের দেশগুলোর সঙ্গে তুলনা করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা যৌক্তিক নয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন