স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে নির্বাচন কমিশন সরকারকে জানিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচনেই বড় অঙ্কের অর্থ ব্যয় হবে। আগামী বছর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলেও জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন সম্ভাব্য বাজেট হিসেবে পাঁচটি নির্বাচন শেষ করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছে। সরকারও মোটামুটি এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তুতি রেখেছে। তবে চূড়ান্ত হিসাবে ব্যয়ের পরিমাণ কিছুটা কম-বেশি হতে পারে।
তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে আনুমানিক ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে। অন্যদিকে পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলকভাবে ব্যয়ের পরিমাণ অনেক কম হবে।
এ বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছে, তাতে এ বছর নির্বাচন হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। কমিশন আগামী ৬ জুনকে একটি সময়সীমা হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, তার ধারণা, আগামী বছর থেকেই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সচিব কমিটির বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরও একটি বৈঠক হতে পারে। ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেখানে সরকারের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
সরকারের প্রত্যাশা সম্পর্কে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হোক। তবে নির্বাচন শুরুর সময় নির্ধারণের বিষয়টি নির্বাচন কমিশনের ওপরই ছেড়ে দিতে চান তারা। কারণ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের এবং সরকার থেকে নির্দিষ্ট সময় বলে দিলে তা কমিশনের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন