ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইন্দোনেশিয়ায় প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল দল। মঙ্গলবার প্রথমবারের মতো পুরো দল নিয়ে অনুশীলন করতে পেরেছেন জার্মান-আমেরিকান কোচ থমাস ডুলি। পূর্ণাঙ্গ দল পাওয়ায় সন্তুষ্ট হলেও প্রথম ম্যাচের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় আক্ষেপ রয়েছে তার।
ডুলি বলেন, পুরো স্কোয়াডকে নিয়ে প্রথম ম্যাচের প্রস্তুতির জন্য মাত্র দুই থেকে তিন দিন সময় পাচ্ছেন তারা। এই অল্প সময়ের মধ্যেই খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি করতে হবে। বিশেষ করে নতুনদের সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের দ্রুত সমন্বয় গড়ে তোলাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি।
বাংলাদেশ কোচ জানান, দলের কয়েকজন নতুন খেলোয়াড় আগে শমিত, হামজা কিংবা ফাহাদের সঙ্গে খেলেননি। ফলে স্বল্প সময়ের মধ্যে মাঠে তাদের পারস্পরিক বোঝাপড়া তৈরি করাটাই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নতুন খেলোয়াড়দের নিয়ে অবশ্য আশাবাদী দলের গোলরক্ষক শমিত সোম। হামজা ও ফাহাদদের সঙ্গে নতুনদের প্রথমবার অনুশীলনের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, নতুন খেলোয়াড়দের সঙ্গে দেখা করা এবং প্রথমবার অনুশীলন করতে পেরে ভালো লেগেছে। তারা দলের জন্য নতুন কিছু যোগ করতে পারবেন বলে আশাবাদী তিনি।
শমিতের মতে, নতুনদের অন্তর্ভুক্তির ফলে দলের ভেতরের প্রতিযোগিতাও বাড়বে, যা স্কোয়াডকে আরও শক্তিশালী করতে পারে। তবে ব্যক্তিগত প্রতিযোগিতার বাইরে দলের সবার লক্ষ্য এক—বাংলাদেশের হয়ে ভালো করা, ম্যাচ জেতা এবং ভালো ফুটবল খেলা।
জাকার্তায় প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ থমাস ডুলি। অনুশীলনের পর মাঠ ও সুযোগ-সুবিধার প্রশংসা করে তিনি বলেন, দল ভালো একটি অনুশীলন সেশন করেছে। মাঠের পরিবেশ ও সুযোগ-সুবিধা চমৎকার এবং খেলোয়াড়দের মধ্যে দারুণ শক্তি ও উৎসাহ রয়েছে।
এদিকে দলের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি শেখ মোরসালিন। কাফের চোটের কারণে তিনি মূল দলের সঙ্গে অনুশীলন না করে আলাদাভাবে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন