জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক জানান, জাতিসংঘের সাধারণ বিতর্কের অধিবেশন কক্ষে প্রবেশের পর সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করে নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে আসন বিন্যাসে বাংলাদেশের প্রতিনিধিদলের আসন ছিল সামনের সারিতে।
প্রধানমন্ত্রীর পাশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের সারিতে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ৩৫ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিমানমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে এবং চলবে ২০২৭ সালের ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয়েছে ২২ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে ২৪ সেপ্টেম্বর।
এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২ জুন তিনি ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন