চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ছয় দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তাঁর গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি বাড়ি থেকে মিতাকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাঁর গাড়িচালক গোলাম মাওলা সেলিমকেও গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁদের তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান মিতা ও সেলিমের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে তাঁদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক সহযোগীদের পরিচয় ও অবস্থান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং ককটেল বা হাতবোমার উৎসসহ গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাঁদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
মিতার পক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তিনি দাবি করেন, তাঁর মক্কেল ঘটনার সঙ্গে জড়িত নন এবং তিনি অসুস্থ। ১০ দিনের রিমান্ডেরও যৌক্তিকতা নেই বলে আদালতে যুক্তি দেন তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। তাঁর দাবি, মামলায় আগে গ্রেপ্তার হওয়া চার আসামিকে জিজ্ঞাসাবাদে মিতার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত মাহফুজুর রহমান মিতাকে ছয় দিন এবং তাঁর গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন