যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন’ নামে একটি নতুন ২৪ ঘণ্টার সরাসরি সম্প্রচার চ্যানেল চালু করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এর সম্প্রচার শুরু হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, চ্যানেলটিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ভিডিও, ঘোষণা ও উল্লেখযোগ্য মুহূর্ত সরাসরি প্রচার করা হবে। পাশাপাশি এসব বিষয়বস্তু নিয়মিত হালনাগাদ করা হবে।
চ্যানেলটি চালুর পর ট্রাম্পের পুরোনো বক্তব্য ও প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিওও প্রচার করা হচ্ছে। হোয়াইট হাউসের ভিডিও লাইব্রারিতেও ২১ সেপ্টেম্বর থেকে ‘ট্রাম্প টিভি’–সংক্রান্ত ভিডিও যুক্ত হয়েছে।
‘ট্রাম্প টিভি’ চালুর সময় যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও দেশটির কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে বিরোধও তীব্র হয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোকে হোয়াইট হাউসের প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। ২১ সেপ্টেম্বর ওই তিন সংবাদমাধ্যম প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলা করে।
একই দিনে এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসিসহ কয়েকটি বড় টেলিভিশন নেটওয়ার্ক হোয়াইট হাউসের যৌথ সংবাদ সংগ্রহ কার্যক্রমে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলে প্রেসিডেন্টের কর্মসূচি কভারেজের প্রচলিত টেলিভিশন সংবাদ সংগ্রহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে।
এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউস নিজস্ব প্ল্যাটফর্মে প্রেসিডেন্টের বক্তব্য ও প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সরাসরি সম্প্রচারের জন্য ‘ট্রাম্প টিভি’ চালু করল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন