জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো শর্ত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, এ বিষয়ে আইএমএফের কোনো শর্ত নেই। তবে সংস্থাটির সাধারণ নীতিতে সরকারের অতিরিক্ত ভর্তুকি কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে আইএমএফের নীতিমালা অনুসরণ করছে না। জনগণের কল্যাণে বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম বাস্তবায়নে সরকার নিজস্ব সিদ্ধান্তও নিচ্ছে।
জাহেদ উর রহমান বলেন, জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস ও বিদ্যুতে সরকারের দেওয়া ভর্তুকিও বিবেচনায় নিতে হবে। এসব খাতে ভর্তুকির পরিমাণ কমানো প্রয়োজন।
তিনি আরও বলেন, কোন খাতে কতটুকু ভর্তুকি কমানো হবে এবং কীভাবে মূল্য সমন্বয় করা হবে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তকে সরাসরি আইএমএফের কোনো শর্তের সঙ্গে সম্পর্কিত করার সুযোগ নেই। সরকারের মূল বিবেচনা হচ্ছে জ্বালানি, গ্যাস ও বিদ্যুতে দেওয়া ভর্তুকি কমানো এবং প্রয়োজন অনুযায়ী মূল্য সমন্বয় করা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন