শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে জাপানে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও ভূমিধসে দেশটির বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত দুজন নিহত এবং চারজন নিখোঁজ রয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ চারজনই কানাগাওয়া প্রদেশের বাসিন্দা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছিল, টাইফুন দুজুয়ান মানুষের জীবনের জন্য ‘তাৎক্ষণিক বড় হুমকি’ তৈরি করতে পারে। পরে কয়েকটি এলাকায় সতর্কতার মাত্রা কমানো হলেও সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
টাইফুনের প্রভাবে দেশটির বিভিন্ন এলাকায় ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝড়ের কারণে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। কয়েকটি এলাকায় রেল চলাচলও বন্ধ রয়েছে।
দুজুয়ানের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।
ভূমিধসের ঘটনায়ও প্রাণহানি হয়েছে। ইয়োকোসুকা শহরে ষাটের কোঠার এক নারী এবং চিবা প্রদেশের সোদেগাউরা শহরে এক ব্যক্তি নিহত হয়েছেন।
প্রবল ঝড়ের কারণে রক ইন জাপান সংগীত উৎসব ও টোকিও গেম শোর কয়েকটি অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
দুজুয়ান চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন। বর্তমানে এটি দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। নতুন করে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন