ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে গুলি ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর সহকারীর কাছ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। হামলায় গুলিবিদ্ধ ও বোমার স্প্লিন্টারে আহত দুজনকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন গয়নার দোকানের মালিক অন্তর সরকার (২৮) এবং তাঁর সহকারী ও মামাতো ভাই রাজিব সরকার (৩৪)। তাঁদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া গ্রামে।
আহত অন্তর সরকার জানান, সোমবার সন্ধ্যায় দোকান বন্ধ করে ৩০ ভরি স্বর্ণালংকার একটি ব্যাগে নিয়ে তাঁরা অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে একটি মোটরসাইকেল তাঁদের অনুসরণ করতে থাকে। পরে হযরতপুর গরুর হাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল তাঁদের পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা গুলি ছোড়া ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তাঁদের সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। হামলায় অন্তর সরকারের হাঁটুর ওপরের অংশে গুলি লাগে এবং রাজিব সরকার বোমার স্প্লিন্টারে আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাবিবুর রহমান জানান, রাত ৯টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁরা জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন