রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনভোগান্তি এবং তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া পূর্বাভাসভিত্তিক প্রতিষ্ঠান ‘আবহাওয়াবিদ’-এর তথ্যমতে, চট্টগ্রাম বিভাগ থেকে একটি বজ্রঝড় ধীরগতিতে ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকাল পর্যন্ত ঝড়টি কুমিল্লা, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ওপর দিয়ে অতিক্রম করছিল।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ঝড়টি নারায়ণগঞ্জ ও নরসিংদী অতিক্রম করতে পারে। এরপর সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে ঢাকার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় রাজধানীতে টানা ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দীর্ঘস্থায়ী বৃষ্টির ফলে বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এতে অফিসগামী মানুষ, কর্মজীবী ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তির পাশাপাশি সড়কে যানজট বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া পরিস্থিতির কারণে নগরবাসীকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গা ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার পরামর্শও দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন