চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগের খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, রাত ৮টার পর ছাত্রীদের আবাসিক হল থেকে বের হওয়ার সুযোগ থাকে না। তবে উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে ছাত্রীরাও হল থেকে বেরিয়ে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেন।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা সায়েমকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে রাত ১২টার দিকে বিক্ষোভকারীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, উপাচার্য ভবনে তালা দেওয়া হয়েছে এবং অধ্যাপক সায়েম ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, দীর্ঘ সময় পর তারা একজন যোগ্য ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য পেয়েছিলেন। কোনো কারণ না দেখিয়ে তাঁকে অপসারণ করা হয়েছে দাবি করে তিনি দ্রুত অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবি জানান।
উল্লেখ্য, গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের মাত্র ৫৬ দিনের মাথায় তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন