কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে চার বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মধ্যকার ম্যাচে শেষ মুহূর্তে বল থ্রো-ইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি হলে অন্তত সাতজন আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর পরিস্থিতি মীমাংসায় দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর কয়েক ঘণ্টা পর বিকেল ৪টার দিকে একই ফুটবল খেলাকে কেন্দ্র করে ফার্মেসি ও বায়োমেডিকেল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আরও তিনজন আহত হন।
দুই দফা সংঘর্ষে চার বিভাগের অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। একই সঙ্গে বিষয়টি সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনও উদ্যোগ নিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন