আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার।
সোমবার (২১ সেপ্টেম্বর) আফগান কর্মকর্তারা এ তথ্য জানান। প্রায় তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর নতুন করে এ হামলায় দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তালেবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, কুনার প্রদেশের নুরগাল জেলায় একটি বাড়িতে পাকিস্তানি বিমান হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত ও চারজন আহত হয়েছেন।
এ ছাড়া পাকতিকা প্রদেশের বারমাল জেলায় দুটি স্থানে বোমা হামলা চালানো হয়। এতে একটি দোকান ও একটি পরিত্যক্ত বাড়ি ধ্বংস হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার বিষয়ে পাকিস্তানের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির ভেতরে আন্তসীমান্ত হামলা চালাচ্ছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। রয়টার্স জানিয়েছে, সোমবারের হামলার আগে গত শুক্রবার পাকিস্তানের কোহাটে একটি পুলিশ স্থাপনায় আত্মঘাতী হামলায় অন্তত ১৬ জন নিহত হন। এরপরই নতুন করে সীমান্ত উত্তেজনা দেখা দিয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন