ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০২৬ আসরের ফাইনালে ব্যক্তিগতভাবে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে শিরোপা এনে দিতে পারলেন না জ্যামাইকা কিংসমেনের মাজ সাদাকাত। তার ৫৮ বলে ১১৪ রানের ঝড়ো ইনিংসের পরও ফাইনালে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে জ্যামাইকা।
অন্যদিকে ২০ বল হাতে রেখে জয় তুলে নিয়ে সিপিএল ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ফ্যালকনস। শুরুতেই জ্যামাইকাকে চাপে ফেলে তারা। দলীয় ৩০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন কির্ক ম্যাকেঞ্জি ও কিয়াসি কার্টি।
এরপর সাইম আইয়ুবকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাজ সাদাকাত। তৃতীয় উইকেটে দুজনের ৮০ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় কিংসমেনরা। সাইম ২২ বলে ২৯ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন মাজ।
তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জ্যামাইকা। ১৫.৫ ওভারে ১২৭ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে একাই লড়াই চালিয়ে যান মাজ।
শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে নবম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৫৮ বলে ১১৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৯টি ছক্কা। মাজের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জ্যামাইকা।
ফ্যালকনসের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আলজারি জোসেফ পান ২ উইকেট।
জাংগু-হাসানের ব্যাটে সহজ জয়
১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথম ওভারেই রাহকিম কর্নওয়ালের ব্যাট থেকে আসে ২০ রান। ৬ বলে ২০ রান করে তিনি ফিরে গেলেও ফ্যালকনসের রান তোলার গতি কমেনি।
এভিন লুইস ও আমির জাংগু দ্রুত রান তুলতে থাকেন। লুইস ২৬ বলে ৩৮ রান করে আউট হওয়ার সময় ফ্যালকনসের স্কোর দাঁড়ায় ৮৪।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন আমির জাংগু ও হাসান নওয়াজ। তৃতীয় উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে সহজ হয়ে যায় ফ্যালকনসের জয়।
জাংগু ৩৪ বলে অপরাজিত ৫৭ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। হাসান নওয়াজ ৩৫ বলে অপরাজিত থাকেন ৪৭ রানে। তিনি মেরেছেন ৩টি চার ও ৩টি ছক্কা।
শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ২ উইকেটে ১৭৩ রান তুলে ম্যাচ শেষ করে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ফলে ২০ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে সিপিএল ২০২৬-এর শিরোপা জিতে নেয় তারা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন