জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে কান্তো অঞ্চলসহ পূর্ব জাপানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে বেড়েছে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, টাইফুনটি টোকিও মহানগরীর কাছাকাছি দিয়ে অতিক্রম করতে পারে। ফলে সোমবার দিনের বেলায় রাজধানী টোকিওসহ কান্তো অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ইজু দ্বীপপুঞ্জ, চিবা প্রিফেকচারসহ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে ভারী বৃষ্টিপাত হয়েছে। কিছু এলাকায় শনিবার থেকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, কান্তো অঞ্চলের দিকে টাইফুনটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত আরও তীব্র হতে পারে। কান্তো অঞ্চলের মধ্যে টোকিও এবং আশপাশের কয়েকটি প্রিফেকচার রয়েছে।
এশিয়ান গেমসের ইভেন্ট স্থগিত
টাইফুনের প্রভাবে জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী ইভেন্টিং প্রতিযোগিতা স্থগিত করা হয়েছে। প্রতিযোগিতাটি মঙ্গলবার পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের আশঙ্কা, কান্তো ও মধ্য জাপানের কিছু এলাকায় ‘লিনিয়ার রেইন ব্যান্ড’ তৈরি হতে পারে। এ ধরনের বৃষ্টিপ্রবণ মেঘমালা একই এলাকায় দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, ফলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ে।
এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষের সতর্কতার পাশাপাশি টাইফুনের প্রভাবে বিমান ও রেল যোগাযোগেও বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন