ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দেয়।
জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুতিরা বিশা, তায়েফ, ফারাসান ও ইয়ানবু এলাকায় বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করেও হামলার চেষ্টা চালিয়েছে। এসব হামলাও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে সৌদি আরব আকাশপথে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্কতা জারি করে। গত শুক্রবার রাতে দেশজুড়ে একাধিক জরুরি সতর্কতাও জারি করা হয়।
শনিবার রিয়াদে অন্তত একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিমানবন্দরের আশপাশের বাসিন্দারা সকালে আকাশে কালো ধোঁয়ার বড় কুণ্ডলী দেখতে পাওয়ার কথা জানান। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনের হুতিদের সঙ্গে সংঘাতের তীব্রতা জুলাইয়ে বাড়ার পর রিয়াদে এটিই প্রথম বিমান হামলার সতর্কতা জারির ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, হুতিরা রিয়াদের বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এসব হামলা প্রতিহত করতে ‘উপযুক্ত’ ব্যবস্থা নেওয়ার অধিকার জোট কমান্ডের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, শনিবার এক বিবৃতিতে হুতিরা দাবি করেছে, তারা রিয়াদের পাশাপাশি পশ্চিম উপকূলীয় শহর ইয়ানবুতে সৌদি আরামকোর একটি তেল স্থাপনা এবং কয়েকটি ‘সংবেদনশীল’ স্থাপনায় হামলা চালিয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির বরাত দিয়ে বলা হয়েছে, এসব হামলায় ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন