কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা সকাল ১১টায় দক্ষিণ বাগমারা-কোটবাড়ী এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই তাকে দাফন করা হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ও কবরের জন্য নির্ধারিত স্থান পাওয়া গেলে অপ্রতিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দাফন করা হবে বলে জানানো হয়েছিল।
অপ্রতিমের দাফনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, অপ্রতিমের মা-বাবার কুবি ক্যাম্পাসে দাফনে কোনো আপত্তি নেই। প্রশাসন কবরস্থানের জন্য নির্দিষ্ট জায়গা দিতে পারলে এবং অনুমতি দিলে সেখানেই তাকে দাফন করা হবে। তা সম্ভব না হলে আশপাশের কোনো কবরস্থানে দাফন করা হবে।
অপ্রতিমের মৃত্যুর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে।
পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরও দুজনকে আটক করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন