রাজধানীর মিরপুর ও বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর-১১, মিরপুর-১ ও মধ্য বাড্ডায় এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও হতাহতের বিষয়ে জানা যায়নি।
এর প্রায় একই সময়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, বাসটি পুরোপুরি পুড়ে যায়নি। কারা আগুন দেওয়ার চেষ্টা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘আলিফ এন্টারপ্রাইজ’-এর একটি স্টাফ বাসে আগুন লাগে।
বাড্ডা থানার এসআই হাসানুল জানান, বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আগুন ধরে যায়। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কেউ এতে জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
একই সন্ধ্যায় রাজধানীর দুই এলাকায় তিনটি বাসে আগুনের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাগুলোর কারণ ও এর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন