কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে কিছু ‘ক্লু’ পাওয়া গেছে এবং সেগুলো নিয়ে কাজ চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে থাকা ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
অপ্রতিম কুমিল্লার বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর আর বাসায় ফেরেনি সে।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন সালমানপুর এলাকার দক্ষিণ মোড়ে পাহাড়ের পাদদেশ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, অপ্রতিমের সঙ্গে থাকা মায়ের আইফোনটিও পাওয়া যায়নি। এ কারণে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন