চাকরিসংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির ঠেকাতে সরকারি কর্মচারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে কোনো সরকারি কর্মচারী নিজের চাকরিসংক্রান্ত বিষয়ে অন্য কাউকে দিয়ে তদবির করালে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদবিরের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্মচারীর চাকরির নথি বা ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।
গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে দেশের সব সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু সরকারি কর্মচারী চাকরিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করানোর জন্য বিভিন্ন পর্যায়ের ব্যক্তি বা ব্যক্তিদের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে পাঠাচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’-এর বিধি ২০-এর লঙ্ঘন। একই সঙ্গে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এর ২(খ) অনুযায়ী এটি ‘অসদাচরণ’ হিসেবে বিবেচিত হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মচারী তার পক্ষে অন্য ব্যক্তি বা ব্যক্তিদের মাধ্যমে চাকরিসংক্রান্ত বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করালে সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তদবিরের বিস্তারিত তথ্য চাকরির নথি বা ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।
তবে চাকরিসংক্রান্ত কোনো সমস্যার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্মচারী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। এমন আবেদন পাওয়ার পর সর্বোচ্চ এক মাসের মধ্যে তা যৌক্তিকভাবে নিষ্পত্তি করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন