নতুন জাতীয় বেতনস্কেলের প্রজ্ঞাপন জারির পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বিলুপ্ত হয়েছে। নতুন বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হওয়ায় ওই তারিখ থেকেই বিশেষ সুবিধাটি বিলুপ্ত হয়েছে বলে গণ্য হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে বিশেষ সুবিধা বিলুপ্ত হবে। তবে ১ জুলাই থেকে আদেশ জারির তারিখ পর্যন্ত যে বিশেষ সুবিধা নেওয়া হয়েছে, তা নতুন বেতনস্কেল অনুযায়ী প্রাপ্য বকেয়া অর্থের সঙ্গে সমন্বয় করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ১ জুলাই অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীরা অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত ৩০ জুন ২০২৬ তারিখে যে হারে বিশেষ সুবিধা পেতেন, সেই হারেই সুবিধা পাবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৫টি। এসব বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৭ হাজার ৩৯ জন এবং নারী শিক্ষক ২ লাখ ৩৫ হাজার ৬৭০ জন।
এদিকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত আরও ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের আগামী ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন