দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা ও কর্মসংস্থান সৃষ্টিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, সম্ভাবনাময় স্থানীয় উদ্যোক্তা ও পণ্যকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে ‘এক গ্রাম, এক পণ্য’ ধারণা বাস্তবায়নে ব্যাংক, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শনিবার রংপুরে বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে বেসরকারি খাতের উন্নয়নে ঘোষিত প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রংপুর অঞ্চলে উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, বেসরকারি খাতের বিকাশ এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের রংপুর কার্যালয় এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কার্যালয়টির নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দিন।
সভায় রংপুর বিভাগের বিভিন্ন এলাকার ব্যাংকার, উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন অংশীজন অংশ নেন। তারা উদ্যোক্তাদের অর্থায়ন, স্থানীয় উৎপাদন ও বাণিজ্য সম্প্রসারণ এবং প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে মতামত ও পরামর্শ দেন।
সভায় ‘এক গ্রাম, এক পণ্য’ ধারণার আওতায় সম্ভাবনাময় স্থানীয় পণ্য ও উদ্যোক্তা চিহ্নিতকরণ, উৎপাদন বাড়ানো, বাজার সম্প্রসারণ ও প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পণ্যের ব্র্যান্ডিং ও বিপণনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি এবং উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার আওতায় আনার বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ঘোষিত প্রণোদনা প্যাকেজের সুবিধা যাতে প্রকৃত ও যোগ্য উদ্যোক্তাদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করা, পণ্যের বাজার সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গ্রাহক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য ১৬২৩৬ হটলাইন ব্যবহারের পরামর্শও দেন গভর্নর।
সভায় রংপুর অঞ্চলে হিমাগার স্থাপন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, রপ্তানিমুখী কৃষি ও শিল্পপণ্যের প্রসার এবং মানবসম্পদ উন্নয়নের মতো উদ্যোগ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন