জ্বালানি সংকট মোকাবিলা ও ব্যয় কমাতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। নতুন নির্দেশনায় রাত ৯টার মধ্যে দোকান, বাজার ও শপিং মল বন্ধ করার পাশাপাশি বিয়ে ও অন্যান্য অনুষ্ঠান রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনুতেও সীমাবদ্ধতা আরোপ করে একটি পদ পরিবেশনের নির্দেশ দেওয়া হয়েছে।
পাকিস্তানের মন্ত্রিপরিষদ ১৭ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বলে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে। নতুন নির্দেশনায় রেস্তোরাঁ ও ক্যাফে রাত ১১টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে। তবে হোম ডেলিভারি সেবা এ বিধিনিষেধের বাইরে থাকবে।
সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দও আগামী তিন মাসের জন্য ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পুলিশ, সশস্ত্র বাহিনী ও জরুরি পরিষেবায় ব্যবহৃত যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ওষুধের দোকান, মেডিকেল ল্যাবরেটরি, দুধ ও দুগ্ধজাত পণ্যের দোকান, জ্বালানি ও সিএনজি স্টেশন, বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, কল সেন্টার ও জিমসহ বেশ কিছু জরুরি সেবা প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে।
এ ছাড়া আপাতত নতুন যানবাহন কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট সরঞ্জাম ছাড়া অন্যান্য দীর্ঘস্থায়ী পণ্য কেনার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক সফর ছাড়া আগামী তিন মাস সব ধরনের বিদেশ সফর স্থগিত করা হয়েছে। প্রয়োজনীয় বিদেশ সফরে মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইকোনমি ক্লাসে ভ্রমণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি প্রতিনিধিদল ছাড়া সরকারি নৈশভোজ এবং সেমিনার, সম্মেলনসহ বিভিন্ন ধরনের আয়োজনও আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত মার্চেও জ্বালানি ও ব্যয় সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল পাকিস্তান সরকার। সে সময় দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ এবং সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজের পরামর্শ দেওয়া হয়েছিল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন