সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন জারি করে। এতে এলাকা ও গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত পাবেন ৫০ শতাংশ এবং গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত পাবেন ৪৫ শতাংশ।
অন্যদিকে গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার তুলনামূলক কম নির্ধারণ করা হয়েছে।
এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত মূল বেতনের ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ৩০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
এ ছাড়া অন্যান্য এলাকার জন্য গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত ৪৫ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের জন্য ২৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে যে হারে বাড়িভাড়া দেওয়া হয়
বর্তমান কাঠামো অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত মূল বেতনে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়। ৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত মূল বেতনে ৬০ শতাংশ, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা পাওয়া যায়।
১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল বেতনে ৫৫ শতাংশ, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা এবং ৩৫ হাজার ৫০১ টাকার বেশি মূল বেতনে ৫০ শতাংশ, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়িভাড়া দেওয়া হয়।
নতুন প্রজ্ঞাপনে নির্ধারিত বাড়িভাড়ার হার অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। অন্যান্য এলাকার বর্তমান বাড়িভাড়ার হার ও ন্যূনতম অঙ্কও অঞ্চলভেদে আলাদা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন