গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে এবং এর ফলে জাতির মেরুদণ্ড দুর্বল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একটি জাতির জন্য শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, গত ১৭ বছরে তা যথাযথভাবে বিবেচনা করা হয়নি। শিক্ষাব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীসহ পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে খাতায় শুধু প্রশ্ন লেখা হয়েছে এবং ক্ষমতাশালী মহল থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে।
প্রযুক্তির সঙ্গে বিশ্ব প্রতিযোগিতার প্রসঙ্গে রিজভী বলেন, শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আধুনিক সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সরঞ্জাম নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
শিক্ষায় বিনিয়োগ ও প্রণোদনা বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশকে যুগোপযোগী করতে হবে।
নারীর শিক্ষার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার প্রসারে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত সম্প্রসারণের কথা তারেক রহমান বলেছেন বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন