ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতোর বানগা ন্যাশনাল হাইস্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী হামলাকারীও রয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১টার দিকে স্কুলটিতে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। নিহত ও আহতদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বানগা শহরের মেয়র আলবার্ট পালেনসিয়া রয়টার্সকে জানান, হামলার আগে ওই শিক্ষার্থী বন্ধুদের বলেছিল, দুপুরের খাবারের পর সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে বন্ধুরা বিষয়টি গুরুত্ব দেয়নি।
মেয়র জানান, দুপুরের খাবারের পর ওই শিক্ষার্থী হঠাৎ গুলি চালাতে শুরু করে। এতে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার পর হামলাকারী নিজেও আত্মহত্যা করে।
দক্ষিণ কোতাবাতোর গভর্নর রেইনালদো তামায়ো জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শিশু-কিশোরদের নাগালের বাইরে আগ্নেয়াস্ত্র রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জুনের পর ফিলিপাইনের কোনো স্কুলে এটি তৃতীয় প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা। এর আগে আগস্টে জাম্বোয়াঙ্গায় এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে সহপাঠীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। জুনে টাকলোবান শহরের একটি সরকারি উচ্চবিদ্যালয়ে গুলিতে তিন শিক্ষার্থী নিহত ও প্রায় ২০ জন আহত হয়।
পরপর এসব হামলার পর স্কুলের নিরাপত্তা জোরদারে চলতি মাসের শুরুতে দেশজুড়ে বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন