সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর দ্রুত প্রজ্ঞাপন জারির কথা বলা হলেও এখনো তা প্রকাশ হয়নি।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ সরকারি মুদ্রণালয়েও প্রজ্ঞাপন ছাপার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে। তবে বর্ধিত মূল বেতন একসঙ্গে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পরবর্তী ধাপে কার্যকর হওয়ার কথা রয়েছে।
নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ কর্মরত কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ জন্য সরকারের অতিরিক্ত ব্যয় কয়েক ধাপে বহন করা হবে। নতুন কাঠামোর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও সুবিধা পাবেন বলে আগেই জানানো হয়েছে।
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের পর বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বাস্তবায়ন আদেশ জারি করা হবে। একই সঙ্গে সরকারি বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস++-এ নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ ও হিসাব সমন্বয়ের কাজ এগিয়ে নেওয়া হবে।
প্রজ্ঞাপন জারির পর সরকারি কর্মচারীদের নতুন স্কেলে বেতন নির্ধারণ এবং প্রাপ্য বকেয়া সমন্বয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন