বিচার প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত পাঁচটি প্রজ্ঞাপন জারি করা হয়।
বদলি হওয়া বিচারকদের মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ জনকে বিভিন্ন জেলার চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে আইনসংক্রান্ত পদে বদলি করা হয়েছে।
চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন পাওয়া বিচারকদের মধ্যে রাহেলা পারভীনকে কিশোরগঞ্জ, ফাতেমা তুজ জোহরা মুনাকে মুন্সিগঞ্জ, মো. তারেক আজিজকে নরসিংদী, জান্নাতুল রাফিন সুলতানাকে জয়পুরহাট, কনক বড়ুয়াকে কুড়িগ্রাম, ফাতিমা খাতুনকে দিনাজপুর, সাবিনা ইয়াসমিনকে মাগুরা এবং তারিকুল ইসলামকে ঝিনাইদহে পদায়ন করা হয়েছে।
এছাড়া মো. আরিফুল ইসলামকে কুষ্টিয়া, মোছা. আসমা মাহমুদকে চাঁপাইনবাবগঞ্জ, তানিয়া ইসলামকে ঢাকা মহানগর, মোছা. নাসিমা খাতুনকে ময়মনসিংহ, মোহাম্মদ দাউদ হাসানকে কক্সবাজার, মো. হাসিবুল হাসানকে যশোর, শারমিন সুলতানা সুমিকে রাজবাড়ী এবং শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যাকে বান্দরবানের চিফ লিগ্যাল এইড অফিসার করা হয়েছে।
জেলা জজ পর্যায়ে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা, ঝিনাইদহের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক মো. মাসুদ আলীকে আইন ও বিচার বিভাগের উপসচিব, পাবনার পারিবারিক আপিল আদালতের বিচারক মো. ফেরদৌস ওয়াহিদকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা এবং আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ সোনিয়া আহমেদকে ডেপুটি সলিসিটর করা হয়েছে।
অতিরিক্ত জেলা জজ পর্যায়েও বেশ কয়েকজন বিচারককে বিভিন্ন জেলায় বদলি ও বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নুরুল আফসারকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আজাদুর রহমান শেখকে কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে। এছাড়া বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজদের একাধিক জেলায় বদলি করা হয়েছে।
যুগ্ম জেলা জজ পর্যায়েও বদলি করা হয়েছে কয়েকজন বিচারককে। নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীকে পটুয়াখালীর কলাপাড়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ, ঢাকার অর্থ ঋণ আদালতের বিচারক মো. মোশাররফ হোসেনকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ইসরাত জাহানকে হবিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং মো. আসাদুল ইসলামকে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ করা হয়েছে।
এদিকে মো. মেহেদী হাসানকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ, হরিদাস কুমারকে সিলেটের জেলা জুডিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর এবং ইকবাল হাসানকে রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা জজ করা হয়েছে।
সিনিয়র সিভিল জজ ও সিভিল জজ পর্যায়েও বদলি ও পদায়ন করা হয়েছে। মো. জাহিদুর রহমানকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব, আবদুল্লাহ আল হাসিবকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক, মাসুমা রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা এবং এস এম শামীম রেজাকে ঝালকাঠির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্বভার নির্ধারিত কর্মকর্তার কাছে হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন