বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। ঢাকা ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি পদায়নের পাশাপাশি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া ছয় কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে বদলি ও পদায়ন করা হয়েছে পুলিশের ১১ কর্মকর্তাকে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অতিরিক্ত আইজিপি পদে পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি হিসেবে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এসবির অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিআইজি পর্যায়েও পাঁচ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. রেজাউল করিমকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর ম্যাস র্যাপিড ট্রানজিটের (মেট্রোরেল) ডিআইজি সিদ্দিকী তানজিলুর রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন