নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম আবারও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ শলাকার প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শুধু নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে। অন্যান্য স্তরের সিগারেটের দাম আগের মতোই থাকবে।
বর্তমানে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা নির্ধারিত রয়েছে। এসব দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।
এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। ওই বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল।
নতুন সিদ্ধান্তে সেই দাম আরও ৩ টাকা বাড়িয়ে ৬৫ টাকা করা হলো।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন