নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে বাংলাদেশ সরকারের ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
গত ১০ সেপ্টেম্বর পাঠানো এক কূটনৈতিক চিঠিতে বালেন্দ্র শাহ গত ২৬ আগস্টের ভয়াবহ দুর্যোগে প্রাণহানি এবং ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের এই সহায়তা নেপালের চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার ৩ সেপ্টেম্বর নেপালের প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে এই অর্থ প্রদান করে।
সংসদের শোক প্রস্তাবের প্রশংসা
নেপালের প্রধানমন্ত্রী গত ২৭ আগস্ট বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় নিহতদের স্মরণে গৃহীত শোক প্রস্তাবের কথাও চিঠিতে উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশের সংসদের এই উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের গভীর সহমর্মিতা ও সংহতির প্রকাশ।
বালেন্দ্র শাহ বাংলাদেশ ও নেপালের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন। তিনি বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে নয়, প্রিয় বন্ধুরাষ্ট্র হিসেবেও বিবেচনা করে।
দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ যোগাযোগ ও বন্ধুত্ব ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ২৬ আগস্ট নেপালের ভয়াবহ বন্যা ও প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নেপালের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন