জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাত নেতার শুনানিসংক্রান্ত নথিপত্রের ওজন প্রায় ২৫ কেজি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।
ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায় ঘোষণার আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রসিকিউশন, স্টেট ডিফেন্স, তদন্ত সংস্থা ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, রায় প্রস্তুত করতে ট্রাইব্যুনালকে যেমন অনেক পরিশ্রম করতে হয়েছে, তেমনি প্রসিকিউশন, সাক্ষী ও তদন্ত কর্মকর্তারাও দীর্ঘ সময় কাজ করেছেন। বিচার কার্যক্রম চলাকালে সাংবাদিকদেরও অনেক পরিশ্রম করতে হয়েছে।
ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, আসামিরা আদালতে উপস্থিত থাকলে তাদের সামনে পুরো রায় পড়ে শোনানো সম্ভব হতো। তবে আসামিরা পলাতক থাকায় তা সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, মামলার পূর্ণাঙ্গ রায়ের পৃষ্ঠা সংখ্যা এক হাজারের বেশি হতে পারে।
এরপর মামলার সাত আসামির প্রত্যেককে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন