দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে বাদ দিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিও পাওয়া গেছে বলে জানা গেছে।
সম্প্রতি বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বিএসইসিকে দেওয়া এক চিঠিতে সালমান এফ রহমানের পর্ষদ ছাড়ার বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বেক্সিমকো যে প্রতিকূলতার মধ্যে পড়েছে, তা বিবেচনায় নিয়েই তিনি পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেটিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সালমান এফ রহমান গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
নতুন পর্ষদে ৯ পরিচালক
সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ফার্মার নতুন পর্ষদে মোট ৯ জন পরিচালক রাখার প্রক্রিয়া চলছে। এর মধ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের মনোনীত একজন এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক থাকবেন।
বেক্সিমকো ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটেও (এআইএম) তালিকাভুক্ত। ফলে নতুন পর্ষদ গঠনের ক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়মও অনুসরণ করতে হবে।
কোম্পানির পক্ষ থেকে বিএসইসিকে জানানো হয়েছে, নতুন পরিচালক নিয়োগের আগে লন্ডন স্টক এক্সচেঞ্জের নিয়ম অনুযায়ী তাঁদের যথাযথ যাচাই-বাছাই করতে হবে। এ প্রক্রিয়া শেষ করতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
থাকছেন না বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধি
পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধিত্ব রাখার বিষয়ে বিএসইসির পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছিল। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মতি দেননি।
ফলে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিনিধি না রেখে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর মাধ্যমে নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
পুঁজিবাজার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়ালে বেক্সিমকো ফার্মার ওপর রাজনৈতিক প্রভাবের চাপ কমতে পারে। এতে কোম্পানিটির ব্যবসা ও সুনাম পুনরুদ্ধারের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে পারে।
৯ মাসে মুনাফা ৬৯৪ কোটি টাকা
বেক্সিমকো ফার্মার সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত কোম্পানিটি ৬৯৪ কোটি টাকা মুনাফা করেছে। এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৬ পয়সা।
এর আগে ২০২৪–২৫ অর্থবছরেও কোম্পানিটির মুনাফা ছিল ৬৯৪ কোটি টাকা। অর্থাৎ আগের পুরো অর্থবছরের সমান মুনাফা চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই করেছে বেক্সিমকো ফার্মা।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ১৩ শতাংশ শেয়ার। উদ্যোক্তাদের মধ্যে সালমান এফ রহমানও রয়েছেন। বাকি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক, বিদেশি ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন