ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় চার হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। পাইপলাইনের মাধ্যমে আমদানি করা ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রিসিভ টার্মিনাল ডিপোতে পৌঁছেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম।
তিনি জানান, ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আসা শুরু হয়। ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে পুরো চালান পার্বতীপুর ডিপোতে পৌঁছানোর প্রক্রিয়া শেষ হয়।
ভারত থেকে আমদানি করা ডিজেল সাধারণত সমহারে দেশের তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানি—পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানির মধ্যে বিতরণ করা হয়।
চুক্তি অনুযায়ী, ২০১৮ সালের ৯ এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে ১৫ বছরের জন্য প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি হয়। ২০২৩ সালের ১৮ মার্চ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ভারত থেকে মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন ডিজেল আমদানি করা হয়েছে।
বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬ দশমিক ৫৭ কিলোমিটার। পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা হয়ে নীলফামারী সদর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মধ্য দিয়ে পাইপলাইনটি পার্বতীপুরের রিসিভ টার্মিনাল পর্যন্ত বিস্তৃত।
মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট গভীরে স্থাপন করা হয়েছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনটি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন