রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের যেকোনো ধরনের মিছিল, সমাবেশ বা রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কার্যক্রম প্রতিরোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কঠোর জবাবদিহির আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসিদের এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রাজধানীর ৫০টি থানার ওসি উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মতো পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।
তবে ভবিষ্যতে রাজধানীর কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সংগঠিত হয়ে কোনো ধরনের কার্যক্রম চালাতে না পারেন, সে বিষয়ে থানার ওসিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সভায় ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, রাজধানীর প্রবেশমুখগুলোতে নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আবাসিক হোটেলগুলোর অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ ও যাচাই করতেও বলা হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। ওসিদের নিয়মিত থানায় উপস্থিত থাকার নির্দেশ দিয়ে বলা হয়, জরুরি প্রয়োজনে থানার বাইরে যেতে হলে বিষয়টি সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে।
দায়িত্ব পালনে গাফিলতি বা শৃঙ্খলাভঙ্গ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করা হয়। একই সঙ্গে অপরাধ ও নাশকতা প্রতিরোধে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন