আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে ইরানের সোমবারের নির্ধারিত বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ওমানে অনুষ্ঠেয় ওই বৈঠকে হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
রোববার সন্ধ্যায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৈঠক স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, সর্বসম্মত ঐকমত্যের জন্য অনুকূল পরিবেশ তৈরির উদ্দেশ্যে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন কোনো তারিখ জানাননি তিনি।
বৈঠকে আটটি দেশের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা ছিল। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পতাকাও প্রকাশ করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।
ইরান জানিয়েছে, আঞ্চলিক কয়েকটি দেশ বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং ওমানের সঙ্গে সমন্বয় করেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি—সৌদি আরবের অনুরোধে বৈঠকটি পেছানো হয়েছে। পাশাপাশি ইয়েমেনের সাম্প্রতিক পরিস্থিতিও সিদ্ধান্তটির পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে তেহরান।
বৈঠকটি স্থগিত হওয়ায় হরমুজ প্রণালি এবং বৃহত্তর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ দিয়ে কীভাবে নৌ চলাচল পরিচালিত হবে, তা নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির প্রস্তাব বৈঠকে উপস্থাপনের কথা ছিল।
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওমানের সঙ্গে আলোচনা করে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ওমানকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তেহরান প্রস্তুত বলেও জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন