বিশ্বকাপের পরই ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না বলে ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। এবার ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও জানালেন, জাতীয় দলে নেইমারের ফেরার সম্ভাবনা নেই। তাঁর মতে, নেইমারের মতো অসাধারণ প্রতিভার বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই তাঁকে ছাড়াই নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল গড়ার পরিকল্পনা করছেন তিনি।
সিএনএন এস্পোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমারের মান বিবেচনায় বিশ্বকাপে তাঁর থাকা উচিত ছিল। তবে নেইমার নিজেই জাতীয় দলে আর ফিরতে চান না বলে নিশ্চিত করেছেন।
আনচেলত্তির ভাষ্য, “নেইমারের বিকল্প পাওয়া সম্ভব নয়। কারণ সে একজন অসাধারণ ও অনন্য প্রতিভা।”
নেইমার অধ্যায়ের পর এখন ব্রাজিল দলকে নতুন করে সাজানোর দিকে মনোযোগ দিচ্ছেন আনচেলত্তি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন প্রজন্ম তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য।
তরুণদের গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে আনচেলত্তি বলেন, ধাপে ধাপে এগিয়ে ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া প্রতিভাবান খেলোয়াড়দের দিকে নজর দিতে হবে। পাশাপাশি ২০০৮ সালে জন্ম নেওয়া বেশ কিছু সম্ভাবনাময় খেলোয়াড়ও রয়েছে, যারা ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নিতে পারে।
তবে শুধু বয়সের কারণে অভিজ্ঞ খেলোয়াড়দের পুরোপুরি বাদ দেওয়ার পক্ষেও নন আনচেলত্তি। তাঁর মতে, ৩৬ বা ৩৭ বছর বয়সেও একজন ফুটবলার ভালো পারফর্ম করতে পারেন। তারপরও বর্তমান সময়ে তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে।
ব্রাজিল ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের ওপর অতিরিক্ত নির্ভরতার যে সমালোচনা রয়েছে, সেটিও বদলাতে চান আনচেলত্তি। তাঁর পরিকল্পনায় ব্যক্তিগত প্রতিভার পাশাপাশি দলগত সমন্বয় ও আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা বেশি গুরুত্ব পাবে।
আনচেলত্তি বলেন, আধুনিক ফুটবলে দলগত কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসাধারণ ব্যক্তিগত প্রতিভা থাকলে জয়ের সম্ভাবনা বাড়ে, তবে শুধু একজন বা কয়েকজন তারকার ওপর নির্ভর করে ভবিষ্যতের শক্তিশালী দল তৈরি করা সম্ভব নয়।
তাঁর লক্ষ্য, তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের আধুনিক ফুটবলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া এবং একটি শক্তিশালী দল গড়ে তোলা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন