আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী হয়েছেন দলের ঢাকা মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে নির্বাচন করবেন।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম।
সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন হলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো পৃথকভাবে অংশ নেবে। এ কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াত দুই প্রার্থী চূড়ান্ত করেছে।
কনফারেন্সে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গেও কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যারা প্রথাগত রাজনীতি করেন কিন্তু এ ভূখণ্ডের ইতিহাস জানেন না, তাদের পক্ষেই এ ধরনের আচরণ করা সম্ভব।
দুই সিটিতে এনসিপির প্রার্থীও ঘোষণা
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং ঢাকা উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী করা হয়েছে।
রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন