বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)–এর মাধ্যমে পাঠানোর লক্ষ্যে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল সাবমিটের নির্দেশ দেওয়া হয়েছে।
ওই দিন বিকেল ৩টার মধ্যে অনলাইনে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠানপ্রধানদের।
রোববার (১৪ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের এমপিও বিল জমা দিতে প্রতিষ্ঠানপ্রধানদের ‘টেমিস’ সফটওয়্যারে লগইন করে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে যেতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুসরণ করে বিল প্রসেস করতে হবে।
এ ছাড়া কোনো শিক্ষক-কর্মচারীর চাকরির অবস্থায় পরিবর্তন হয়ে থাকলে তা হালনাগাদ করতে বলা হয়েছে। এর মধ্যে মৃত্যু, পদত্যাগ বা অবসরজনিত বিষয় থাকলে ‘ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
কোনো শিক্ষক-কর্মচারী সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের আওতায় থাকলে বিল সাবমিটের সময় সেটিও উল্লেখ করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানপ্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
তথ্যে কোনো ভুল বা অসঙ্গতির কারণে পরবর্তীতে জটিলতা তৈরি হলে এর পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন